হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানি সরবরাহ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহের বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন ৬০ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও সাতক্ষীরার জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দাদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীপক্ষ।

এর আগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দাদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিতে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে স্থানীয় সরকার সচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। পরে শ্যামনগরবাসীর নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে সংগঠনটির পক্ষ থেকে ওই রিট করা হয়।

আদালতে রিট আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির, তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. কাওছার ও মাকসুদুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।

রিট আবেদনের ভাষ্য, শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট চলছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অতিরিক্ত লবণাক্ততার কারণে অধিকাংশ নলকূপ অকার্যকর হয়ে পড়েছে। প্রতিবছর এপ্রিল থেকে জুলাই মাসে এ সংকট আরও ভয়াবহ আকার ধারণ করে। এলাকার অনেক মানুষ নিরাপদ পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। নারী ও শিশুরা পানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছেন।