খুনের ২৯ বছর পর রায়, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রামের আদালত ভবন
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৩০ বছর আগের একটি খুনের মামলায় ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ৯ জনকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবুল হাসনাত এ রায় দেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হলেন শফিউল আলম, শাহাব উদ্দিন ও আমির হামজা। আর ৩০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কবির আহম্মদ, দিদারুল আলম, আবু আবদুল্লাহ, সিদ্দিক আহমেদ, রুহুল আমিন, হুমায়ুন কবির, আরিফ হোসেন, আনোয়ারুল আজিম ও জয়নাল আবেদীন। এই আসামিদের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুর কারণে অব্যাহতি পাওয়া আসামি হলেন হেনজু মিয়া।

সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কবির আহম্মদ ও হুমায়ুন কবির ছাড়া সবাই পলাতক বলে জানান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আজহারুল হক।

আদালত সূত্র জানায়, ১৯৯৩ সালের ১৮ জুন মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে পূর্বশত্রুতার জেরে মো. সাইফুদ্দিন ওরফে ইমরানকে কিরিচ, লোহার রড ও আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করা হয়। তাঁকে বাঁচাতে এলে নাজিম উদ্দিন ও আলাউদ্দিনকে রক্তাক্ত করেন আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় সাইফুদ্দিন মারা যান। এ ঘটনায় সাইফুদ্দিনের বাবা ইসমাইল ছিদ্দিকী বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত করে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি কবির আহম্মদ ও হুমায়ুন কবির। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বাকি আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।