অবশেষে কণিকার বাঁ পায়ে অস্ত্রোপচার

অবশেষে বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়েছে কণিকা রহমানের। গতকাল মঙ্গলবার সকালেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। গত রোববার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভুল করে কণিকার ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। গতকাল তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে কণিকা এখন অস্ত্রোপচার-পরবর্তী সেবা নিচ্ছেন।গতকাল পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক শাহ আলমের তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার হয়। তিনি বলেন, এ অস্ত্রোপচারের ফলে তিনি সুস্থ হয়ে উঠবেন। কণিকা বলেন, ‘আশা করছি, দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারব।’