আবারও বিমানের দুই উড়োজাহাজে ধাক্কা, ক্ষতি শাহজালাল বিমানবন্দরের

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বোয়িং উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি উড়োজাহাজের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সিঙ্গাপুর থেকে আসে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। যাত্রী ও মালামাল নামিয়ে উড়োজাহাজটিকে রাত ৯টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে (উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের স্থান) নেওয়া হয়।

সেখানে আগে থেকে পার্ক করে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ছিল। এ সময় হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ প্রবেশ করানোর সময় বোয়িং ৭৩৭–এর সঙ্গে ধাক্কা লাগে। এতে বোয়িং ৭৩৭–এর বাঁ ডানা এবং বোয়িং ৭৮৭–এর ডান ডানা ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনা নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি বলেন, এ ঘটনার তদন্তে বিমানের প্রকৌশলীদের নিয়ে একটি দল কাজ করছে। দলটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সোমবার দলটি একটি প্রতিবেদন দেবে। তখন এ ঘটনায় উড়োজাহাজ দুটির কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ও এর কারণ সম্পর্কে জানা যাবে।

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ধাক্কা ও সংঘর্ষের ঘটনা এবারই প্রথম নয়। এ বছরই দুইবার এ ধরনের ঘটনা ঘটেছে। যেমন গত ১০ এপ্রিল দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের দুটি উড়োজাহাজের ধাক্কা লাগে। হ্যাঙ্গার থেকে একটি বোয়িং-৭৩৭ বের করার সময় সেখানে থাকা আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজকে ধাক্কা দেয়। এ সময় দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় অসতর্কতার প্রমাণ পাওয়ায় বিমানের মুখ্য প্রকৌশলীসহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করে বিমান।

গত ৪ জুন শাহজালাল বিমানবন্দরে আবারও উড়োজাহাজে ধাক্কার ঘটনা ঘটে। সেবার বিমানের একটি উড়োজাহাজকে ধাক্কা দেয় ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট (জিএসই)। বিমানের ওই উড়োজাহাজটি বসিয়ে (গ্রাউন্ডেড) রাখা হয়। পরে সেটি মেরামত করা হয়।

বিমানের একটি সূত্র বলছে, হ্যাঙ্গারে উড়োজাহাজ বের করা ও রাখার সময় যে নিয়ম বা প্রটোকল আছে, সেগুলো যথাযথভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মানেন না। এতে ধাক্কার ঘটনাগুলো ঘটে থাকে। এ ছাড়া বিমানের প্রকৌশল বিভাগেও জনবল ও প্রয়োজনীয় যন্ত্রের ঘাটতি আছে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন পরিচালক সোমবার সকালে প্রথম আলোকে বলেন, শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। বিমানের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা হ্যাঙ্গারে উড়োজাহাজ সরানোর সময় অসতর্ক থাকেন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণ না হওয়ার কারণে এসব দুর্ঘটনা প্রায়ই ঘটে।

বর্তমানে বিমানের উড়োজাহাজের সংখ্যা ২১। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৪, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ ও পাঁচটি ডিসি ৮-৪০০। ১৯টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে বিমানের ফ্লাইট চলছে।