
রাজধানীর উত্তরায় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুঠোফোনে গেম খেলাকে কেন্দ্র এক বন্ধুর সঙ্গে ঝগড়ার জের ধরে ছেলেটি আত্মহত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
পুলিশ জানায়, বুধবার সকালে ৯ নম্বর সেক্টরের বাড়ির নিচ থেকে ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সকালেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর মা প্রথম আলোকে বলেছেন, তিন মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ছেলে। একপর্যায়ে মুঠোফোনে অনলাইনে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে সে। গেম খেলা নিয়ে গত সোমবার এক বন্ধুর সঙ্গে ঝগড়া হয় ছেলের।
বুধবার রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয় তদন্ত শেষে নিশ্চিত হয়ে বলা যাবে।
এদিকে পৃথক ঘটনায় বুধবার রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে আরও দুজন মারা গেছেন।
বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর পলাশী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় পা ফসকে পড়ে যান নির্মাণশ্রমিক বাবু মিয়া (২০)। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বেনজির বাগান এলাকায় একটি ভবনের পঞ্চম তলার ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে আহত হন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আবদুল হান্নান (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি সপরিবার ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন।