কারওয়ান বাজারে চালু হচ্ছে ফরমালিন শনাক্তকরণ কেন্দ্র

রাজধানীর কারওয়ান বাজারে আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে ফরমালিন শনাক্তকরণ কেন্দ্র। বিনা মূল্যে এই কেন্দ্র থেকে মাছ, ফল ও সবজিতে ফরমালিন পরীক্ষা করা যাবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি চালু থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ম্যাট-২ প্রশিক্ষণের প্রকল্পের অংশ এই কেন্দ্র। সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের সহযোগিতায় এটি তৈরি হয়েছে। কেন্দ্রটি চালু হলে কারওয়ান বাজার হবে ফরমালিনমুক্ত প্রথম মডেল বাজার।কেন্দ্রটি চালুর এ সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীরা একাত্মতা ঘোষণা করেছেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস কেন্দ্রটি উদ্বোধন করবেন। এর পরিচালনা ও সমন্বয়কের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব।