চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের উর্দু রোডের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান এই আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।  

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

কামরুল হাসান বলেন, চকবাজারের উর্দু রোডে অবস্থিত প্লাস্টিকের একটি কারখানায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।