চিড়িয়াখানার গেটে দর্শনার্থীদের ভিড়
চিড়িয়াখানার গেটে দর্শনার্থীদের ভিড়

জাতীয় চিড়িয়াখানায় আজও লাখো মানুষের সমাগম

ঈদের তৃতীয় দিন আজ বৃহস্পতিবারও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে। চিড়িয়াখানায় ঘুরতে এসে শিশুসহ ৩১ জন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের ফিরে পায় পরিবার।

আজ সন্ধ্যায় প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ও ভারপ্রাপ্ত পরিচালক মো. মজিবুর রহমান। তিনি বলেন, আজকেও দর্শনার্থীর সংখ্যা এক লাখের বেশি হলেও গতকাল বুধবারের চেয়ে কিছু কম।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন প্রায় ৩৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিন এ সংখ্যা ছিল এক লাখের অনেক বেশি। আজ বিকেলে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, চিড়িয়াখানার সামনে থেকে রাইয়ান খোলা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কজুড়ে দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীদের চাপ সামলাতে বাঁশ দিয়ে বেশকিছু অস্থায়ী প্রবেশপথ তৈরি করা হয়েছে। আর বের হওয়ার জন্য মূল ফটক খুলে দেওয়া হয়েছে।

লম্বা গলার জিরাফের খাঁচার সামনে ভিড়

মাত্রাতিরিক্ত ভিড় থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে দর্শনার্থীদের। রাজধানীর কেরানীগঞ্জ থেকে তিন পরিবারের আট সদস্য মিলে চিড়িয়াখানায় ঘুরতে আসেন। তাঁদের একজন হুমায়ুন কাজী বলেন, ‘চিড়িয়াখানার বাইরে যেমন ভিড়, ভেতরেও তেমন। এত মানুষের জন্য ঘুরে ঘুরে ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাই অনেক কিছু না দেখেই বের হয়ে চলে এসেছি।’

তাঁদের আরেকজন ইসরাত জাহান বলেন, চিড়িয়াখানার ভেতর খুব নোংরা। খাচার ভেতরও নোংরা। খাচা থেকে গন্ধ বের হচ্ছিল। প্রাণীগুলোর অবস্থাও খুব একটা ভালো ছিল না, অসুস্থ মনে হয়েছে।

চিড়িয়াখানায় শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে খেলনা ট্রেন

চিড়িয়াখানা দেখার জন্য জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আসেন ২০-২৫ জন। তাঁদের একজন তাজমা বলেন, ‘চিড়িয়াখানা দেখার জন্যই আসা। মানুষজন বেশি। ছেলেপেলে নিয়ে থাকা যাচ্ছে না। তাই তাড়াতাড়ি বের হয়ে আসছি।’ তাজমার মেয়ে মরিয়ম আক্তার বলে, বাঘ, ভালুক, হরিণ, কুমির অনেক ভালো লেগেছে।

ঈদে দর্শনার্থী সামাল দেওয়ার জন্য ইজারাদার প্রতিষ্ঠান রাইদ ট্রেডিং বাড়তি টিকিট চেকার নিয়োগ দিয়েছে। নুরুল আমিন নামের একজন টিকিট চেকার বলেন, ‘আজকে সকাল আটটায় এসে দেখি চিড়িয়াখানার সামনে মানুষে ভরা। সকাল নয়টায় চিড়িয়াখানার গেট খোলা হয়েছে। ঈদের দিন কিছুটা কম ভিড় ছিল। গতকাল প্রচণ্ড ভিড় ছিল। আজকেও অনেক ভিড়, তবে গতকালের চেয়ে কম। আগামীকাল শুক্রবার আবার ভিড় হতে পারে।’