
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। তাঁর অভিযোগ, স্টেশনের কাউন্টারে টিকিট না দিয়ে অন্য কাউন্টারে গিয়ে গল্প করছিলেন টিকিটকর্মীরা। এ সময় প্রতিবাদ করায় ওই সাংবাদিকের মুঠোফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সাংবাদিক যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক মো. রাসেল মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাবার অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে ময়মনসিংহে যাওয়ার জন্য তিনি বেলা ১১ টার দিকে ট্রেনের টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনে যান। কাউন্টারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কাউকেই টিকিট দেওয়া হচ্ছিল না। ওই কাউন্টারের কর্মী জেনি অন্য কাউন্টারের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন।
ওই ঘটনার বর্ণনা করে রাসেল মিয়া বলেন, ‘টিকিট বিক্রি কেন বন্ধ জানতে চাইলে কাউন্টারকর্মী জেনি উদ্ধত আচরণ করেন। তখন মুঠোফোনে ভিডিও করার চেষ্টা করলে কাউন্টারকর্মীরা একজোট হয়ে আমাকে কাউন্টারের ভেতরে নিয়ে যান। এ সময় অপর এক কাউন্টারকর্মী আমাকে চড়-থাপ্পড় মারেন। তিনি বলেন, ‘আমার আইডি কার্ড ছিনিয়ে নেন তাঁরা। পরে আমার এক সহকর্মী কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপককে সঙ্গে করে সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসেন।'
এ ঘটনায় কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার দুঃখপ্রকাশ করেন।
অভিযুক্ত কাউন্টারকর্মীদের প্রত্যাহার ও বদলির সুপারিশ করা হবে বলে জানান তিনি।