
রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত কানিজ ফাতেমা (৫০) ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি করতেন।
আজ মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রিন ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
হাফিজুর রহমান বলেন, মিরপুর লিংক পরিবহনের একটি বাস মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাসটি আটকে পুলিশকে খবর দেন। বাসচালক ও তাঁর সহকারী দুজনেই পালিয়ে গেছেন।
এক প্রশ্নের জবাবে হাফিজুর বলেন, কিছু ছাত্র এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন। তবে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।