দুই ডেকোরেটর কর্মচারীর মধ্যে মারামারি, জড়িয়ে পড়লেন পুলিশও

মারামারি
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগের তিন নেতার মাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এক ডেকোরেটর শ্রমিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন, শাহবাগ থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মো. ইদ্রিস আলী বকুল ও ডেকোরেটর শ্রমিক ইফতেখার হাসান তালুকদার। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

মারামারির বিষয়ে আহত পুলিশ সদস্য ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘তিন নেতার মাজার এলাকায় দায়িত্ব পালন করছিলাম। ‌ এ সময় দুইজনকে হাতাহাতি করতে দেখে আমি থামাতে গেলে ইফতেখার নামের এক যুবক আমার ওপর চড়াও হয়। আমাকে ধাক্কা দেয়।‌ আমিও তাঁকে ধাক্কা দেই। এতে দুজনই আহত হই।’

ইদ্রিস আলী আরও বলেন, ‘ওই যুবক আমাকে মারধর করে। আমার ইউনিফর্ম ধরে টানাটানি করে। এ সময় আমার সঙ্গে থাকা ওয়ারলেস সেটটি ভেঙে যায়।’

অন্যদিকে আহত ইফতেখার হাসান তালুকদার বলেন, ‘আমি মতিঝিল এজিবি কলোনিতে মামুন এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি। সন্ধ্যায় এক সহকর্মী রিদওয়ানকে নিয়ে মাজারের সামনে ফুটপাতে বসে কথা বলছিলাম। এ সময় রিদওয়ানের সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি হয়। রিদওয়ানকে মারধর করি। তখন এএসআই ইদ্রিস আলী এগিয়ে এসে আমাকে মারধর করেন। এ সময় আমার কাছে থাকা ৮ হাজার টাকাসহ মানিব্যাগ হারিয়ে যায়।

শাহবাগ থানার এসআই মো. সেলিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ইফতেখারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।