
দ্রুতগতিতে যাঁরা মোটরসাইকেল চালান, তাঁদের অধিকাংশই কম বয়সী। তাঁদের মোটরসাইকেল চালানোর গতি দেখে মনে হয় সঠিক গতিতে গাড়ি চালাচ্ছেন না। মোটরসাইকেল নিয়ে কথা বললেই চালকেরা রুষ্ট হন। নিজের জীবনকে নিয়ে কেন ছিনিমিনি খেলেন? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ মন্তব্য করেছেন।
আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) নবম মহাসমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ৫৪ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছর। তাঁদের সিটবেল্ট বাঁধারও সময় নেই। চালকের পাশের জন তো বাঁধেনই না।
তরুণ অবস্থায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও আর্মি একাডেমিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তিন মাস হাসপাতালে ছিলেন তিনি। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা আমার বিসিএস ও সেনাবাহিনীতে যোগ দেওয়া—দুটো সুযোগ নষ্ট করে দিয়েছে।’
সড়ক দুর্ঘটনার জন্য কমবেশি সবাই দায়ী দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ঘটনার জন্য অনেকে পরিবহনশ্রমিকদের দিকে আঙুল তোলেন। কিন্তু পথচারীরা ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হন। নিজেদের বদলাতে হবে। সরকার বাধা দিলে তবেই আইন মানবেন, এটা হবে না। আইন মানার একটা রেওয়াজ চালু করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা শহরে ২৫ শতাংশ সড়ক থাকতে হয়। কিন্তু ঢাকায় ৯ শতাংশের মতো আছে। রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থাও নেই, তারপরও অনেকে গাড়ি রেখে দেন। তখন অন্যান্য গাড়ি নির্দিষ্ট গতিতে চলতে পারে না। এখনো ট্রাকচালকদের জন্য পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়নি। পরিবহনমালিকেরা তাঁদের গাড়ি চালানোর সময়সীমা বেঁধে দিতে পারেননি। তিনি বলেন, সড়ক ও মহাসড়ক কেমন হবে, তার নীলনকশা করে রেখেছেন প্রধানমন্ত্রী। সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
আসাদুজ্জামান খান বলেন, ফিটনেসবিহীন গাড়ি নামাবেন না। সরকার এখানে অনেক কঠোর হচ্ছে। অনেক কিছুই করা যাচ্ছে না। ধীরে ধীরে সবই করা হবে। পুরো ঢাকায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এরপর চট্টগ্রাম ও রাজশাহীও সিসি ক্যামেরার আওতায় আসবে।
পদ্মা সেতুর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে অনেক কথা বলেন। কিন্তু কাজ করে দেখানোই মূলকথা। প্রধানমন্ত্রী সেটাই করছেন। পদ্মা সেতু চালু হলে কখন গোপালগঞ্জ পেরিয়ে খুলনা-বরিশাল চলে যাবেন, টেরও পাবেন না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, একটু চেষ্টা করলেই সড়কের পরিস্থিতি পাল্টে দেওয়া যাবে। কেউ নিজে অন্যায় করছেন কি না, সেটা দেখবেন। পরে অন্যকে শোধরানোর কাজটা করতে হবে। সবাই মিলে সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে পারলে সড়ক দুর্ঘটনা রোধ করে বিশ্বে উদাহরণ তৈরি করা সম্ভব।
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির গতি শীর্ষে উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, পরিসংখ্যান অনুযায়ী গড়ে ৫ শতাংশ গতি কমলে সড়ক দুর্ঘটনায় ৩০ শতাংশ প্রাণহানি কমবে। ঘণ্টায় এক কিলোমিটার গতি বাড়ালেই দুর্ঘটনায় প্রাণহানির ৪ থেকে ৫ শতাংশ বেড়ে যায়।
নিসচার চেয়ারম্যান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০১৮ সালে সংসদে আইন পাস হওয়ার পর ২০১৯ সালের ১ নভেম্বর তা বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও, আজও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের মনিটরিং সেল গঠন করে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সিসি ক্যামেরার মাধ্যমে মহাসড়কের যাবতীয় বিষয় নজরদারি করতে হবে।
ইলিয়াস কাঞ্চন বলেন, বাস রুট রেশনালাইজেশনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন জরুরি। এতে শহরে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে। যত দিন পর্যন্ত গতিনিয়ন্ত্রণ করা না হবে, তত দিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না।
সড়ক দুর্ঘটনায় বিদ্যমান সমস্যার সঙ্গে নতুন করে যোগ হয়েছে মোটরসাইকেল। নিসচার চেয়ারম্যান বলেন, দেশে প্রতিনিয়ত মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। এ কারণে দুর্ঘটনাও বাড়ছে। এক সমীক্ষায় দেখা গেছে, গত ২৫ এপ্রিল থেকে ৮ মে এই দুই সপ্তাহে দেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত দেড় হাজার মোটরসাইকেলচালক। বিক্রেতাদের উচিত ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি না করা।
বিশেষ অতিথি হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে চাইলে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। সড়ক দুর্ঘটনা তেমনই একটি বড় চ্যালেঞ্জ। শিশুদের জন্য উপযোগী দেশ গড়তে হলে দেশের সড়কব্যবস্থা ঠিক করতে হবে।’
লিয়াকত আলী বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিটবেল্ট বাঁধা, হেলমেট পরা—এসব বিষয় নিয়ে এ দেশের মানুষের মানসিক সমস্যা আছে। উন্নত দেশে শিশুদের দেখলে গাড়ি অনেক দূরে থেমে যায়। কিন্তু এ দেশে যে গাড়ি যত বড়, সে তত ধাক্কা দেয়। দুর্ঘটনা রোধে গাড়িচালকদের অধিকারের জন্যও আন্দোলন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল। নিসচার মহাসচিব সাদেক হোসেন বাবুলসহ সংগঠনটির আরও অনেকে এ অনুষ্ঠানে ছিলেন।