বইয়ের মেলা প্রাণের মেলা

বইমেলায় এগিয়ে কবিতা, উপন্যাস

ছুটির আগের দিন বলে প্রকাশকেরা আশঙ্কা করছিলেন, ক্রেতা কম হতে পারে। কিন্তু সন্ধ্যার আগেই জমজমাট হয়েছে মেলার মাঠ। শত শত মানুষের আনন্দ–কোলাহল ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। তবে প্যাভিলিয়নের তুলনায় স্টলগুলোয় কম যাচ্ছেন পাঠক–ক্রেতারা। নম্বর ধরে স্টল খুঁজে বের করাও কিছুটা কষ্টের বলে জানালেন যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসা থেকে বই কিনতে আসা মিজানুর রহমান। সবাই যে বই কিনছেন, তা নয়। অনেকেই পরিবার নিয়ে ছবি তুলছেন, ঘুরে বেড়াচ্ছেন বা বসে আছেন।

তবে বই উপলক্ষে এমন ভিড় ভালো বলে মন্তব্য করলেন লেখক ফয়জুল ইসলাম। কথাপ্রকাশ থেকে মেলার দশম দিনে এসেছে এই লেখকের গল্পগ্রন্থ ঘুমতৃষ্ণা। ফয়জুল ইসলাম বলছিলেন, বই কেনার একটা ধারা তৈরি হয়েছে। পাঠচর্চা সে অনুসারে না বাড়লেও এই ধারাটা ইতিবাচক। একটি বই কেউ ঘরে রাখলেও মূল্য আছে। অন্য আরেকজন হয়তো হাতে তুলে নেবেন সেটি।

অনুবাদ বইয়ের কপিরাইট নিয়ে মেলার মাঠে জানা গেল ভিন্ন ভিন্ন মত। কয়েকজন প্রকাশক জানালেন, বিদেশি বইয়ের অনুবাদ করতে গেলে সাধারণত অনুবাদকারীই কপিরাইটের দায়িত্ব নেন। শিক্ষানুরাগী, অনুবাদক জি এইচ হাবীব বললেন, ‌‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম হচ্ছে, প্রকাশনীর সঙ্গে প্রকাশনীর চুক্তি হবে। অনুবাদক বড়জোর মধ্যস্থতা করতে পারেন।’

দশ দিনের কয়েকটি নতুন বই

এবারের মেলার দশম দিনে গতকাল মোট বই এসেছে ১০৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি উপন্যাস আর কবিতার বই। কবিতা ২৭টি আর উপন্যাসের বই এসেছে ২৬টি। আফসার ব্রাদার্স এনেছে সুনীতিভূষণ কানুনগোর ইতিহাসগ্রন্থ বাঙলার শাসনতান্ত্রিক ইতিহাস, পাঠক সমাবেশ এনেছে সুনীল কান্তি দে সম্পাদিত ‌সাপ্তাহিক সওগাত ও সান্ধ্যকালের পত্রালাপ, বেঙ্গল এনেছে সালেক খোকনের আদিবাসী লোককথা। উপন্যাসের মধ্যে এসেছে মাওলা ব্রাদার্স থেকে সাজিদ উল হক আবিরের ‌শহরনামা, অন্যপ্রকাশ থেকে নেয়ামুল নাসিরের ‌ভিলেজ পলিটিক্স আর সাদাত হোসাইনের ‌প্রিয়তম অসুখ সে। কবিতার মধ্যে গতকাল বেহুলা বাংলা এনেছে মফিজুল হকের কর্পূরে বিষাদ, কবিমঞ্চ প্রকাশনী থেকে এসেছে অন্নপূর্ণা দেব আঁখির পঞ্চাশে তুমি। সম্প্রতি মেলায় আগামী প্রকাশনী থেকে এসেছে মঞ্জু সরকারের লেখা কিশোর উপন্যাস যুদ্ধে যাওয়ার সময়, সংহতি থেকে প্রকাশিত হয়েছে মোহাম্মদ আজমের সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ, কথাপ্রকাশ এনেছে সিরাজ সালেকীনের ভাটির দেশের বাঙাল বইটি। এই দশ দিনে মেলায় আসা নতুন বইয়ের মোট সংখ্যা ৯৯৩।

মেলার অন্য আয়োজন

গতকাল বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানের লেখক বলছি মঞ্চে ছিলেন লেখক রাশেদ রউফ ও মজিদ মাহমুদ। গতকাল ভাষাশহীদ মঞ্চে স্বরচিত কবিতা পাঠ করেছেন ২৫ জন কবি। বিকেলে প্রদর্শিত হয় নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত চলচ্চিত্র গেরিলা

আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।

জেনারেল জ্যাকবের মুখোমুখি

জেনারেল জ্যাকবের মুখোমুখি মিজানুর রহমান খান প্রথমা প্রকাশন

‘আমাদের কাছে পূর্ব পাকিস্তানের কোনো ম্যাপই ছিল না। যে ম্যাপ ছিল, তা ৫০ বছরের পুরোনো। ম্যাপ ছাড়া কীভাবে কী করব, তা বুঝে উঠতে পারছিলাম না। তখন এম এ জলিলসহ অন্যান্য সেক্টর কমান্ডারের কাছে ম্যাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলাম। তাঁরা দ্রুত সংগ্রহ করলেন। শুধু বগুড়া বা অন্য কোনো একটি এলাকার ম্যাপ পাওয়া গেল না, কিন্তু তাতে অসুবিধা হয়নি। আমরা পুরো যুদ্ধে পাকিস্তান সরকারের তৈরি করা ম্যাপই ব্যবহার করি।’

জেনারেল জ্যাকবের সাক্ষাৎকারগুলোর মাধ্যমে অনেক অজানা তথ্য উঠে এসেছে প্রথমা প্রকাশন প্রকাশিত জেনারেল জ্যাকবের মুখোমুখি গ্রন্থে। এতে আছে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অনেক কথা। জেনারেল জ্যাকবের সাক্ষাৎকার নিয়েছিলেন প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে দেশ-বিদেশ থেকে তথ্য, নথি ও বই সংগ্রহ করতেন এই সাংবাদিক। তাঁর এমন সব লেখালেখি থেকে ২০১৩ সালে প্রথমা থেকে প্রকাশিত হয় মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড

ঘরে বসে বইমেলার বই পেতে ভিজিট করুন: prothoma.com । কল করুন: ০১৯৮৮৩৩৭৭৩৩