বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সকাল সাতটায়।

বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দেশের কোটি কোটি মুসলমান পবিত্র ঈদুল আজহার দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদ্‌যাপন শুরু করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ১০ জিলহজ অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদ্‌যাপন করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার জামাতে নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।

সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক থাকবেন সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামের দায়িত্বে।

সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। বেলা পৌনে ১১টার সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম।

পাঁচটি জামাতের কোনোটিতে কোনো একজন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আবদুল্লাহ।