রাজধানীর মিরপুর ১০ নম্বরে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে দালালচক্রের ২৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব সূত্র জানায়, বেলা ১১টার দিকে র্যাব-৪-এর একটি বিশেষ দল বিআরটিএ দপ্তর চত্বরে অভিযান চালায় এবং উল্লিখিত দালালচক্রের সদস্যদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিআরটিএর বিভিন্ন ফরম, সিল, প্যাড, ডাকটিকিট উদ্ধার করা হয়। র্যাব-৪-এর কাছে গোপনে খবর আসে, কিছু দালাল বিআরটিএ দপ্তরে গাড়ির লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র করতে আসা মানুষকে হয়রানি করে আসছিল। এমনকি ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। দালালেরা প্রতারণার মাধ্যমে লাইসেন্স ও গাড়ির অন্যান্য কাগজপত্র নবায়ন করতে বাধ্য করছে বলেও অভিযোগ রয়েছে। র্যর্যাব-৪-এর উপপরিচালক গোলাম সারোয়ার আলম বলেন, বেশ কিছু দিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে দালালচক্রের ৪০-৫০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী র্যাবের গোয়েন্দা দল তাদের তৎপরতা এবং গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। তিনি জানান, দালালচক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।