
রাজধানীর বড় মগবাজারে নিজস্ব ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে ইকবাল উদ্দিন আহমেদ (৭২) নামের এক চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সৌদি আরবে অর্থোপেডিক সার্জন ছিলেন। আট বছর আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর আর চিকিৎসাপেশায় যুক্ত হননি।
রমনা থানা–পুলিশ জানায়, ইকবাল উদ্দিনের স্ত্রী ও একমাত্র মেয়ে ১৫ দিন আগে যুক্তরাষ্ট্রে যান। মগবাজারে নিজেদের ফ্ল্যাটে ইকবাল উদ্দিন একাই ছিলেন। মঙ্গলবার রাতে ভবনটির কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা মাসিক সার্ভিস চার্জ নিতে গেলে ওই চিকিৎসকের বাসার কলাপসিবল গেট তালা লাগানো অবস্থায় পান। এ সময় ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। পরে রমনা থানা–পুলিশ ইকবালের স্বজনদের উপস্থিতিতে রাত সাড়ে ১০টার দিকে ফ্ল্যাটের তালা ভেঙে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শাহেনশাহ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইকবালের মৃত্যু হয়েছে।