মাদকাসক্ত ব্যক্তিদের কখনোই অপরাধী হিসেবে গণ্য করা যাবে না: শামসুল হক

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক
ছবি: সংগৃহীত

মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছাড়া মাদকাসক্ত ব্যক্তিদের কখনোই অপরাধী হিসেবে গণ্য করা যাবে না। মাদকাসক্তি একটি মনঃসামাজিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। এ জন্য মাদকাসক্ত ব্যক্তির বিজ্ঞানসম্মত চিকিৎসা জরুরি। এসব কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুল হক। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক (সংযোগ) আলোচনা সভার আয়োজন করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সংযোগের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকবিরোধী উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালট্যান্ট শোয়েবুর রেজা চৌধুরী। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তিকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলা; প্রতিটি পরিবার, সমাজ এবং সরকারকে এগিয়ে আসতে হবে।