রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। হামলা করে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। পরে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। দক্ষিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওসিম ও দুই কনস্টেবল আহত হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। সেখানে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের থামানো হয়। এ সময় ওই দুই ব্যক্তির একজন পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে আশপাশে থাকা আরও কয়েকজন পুলিশের ওপর হামলায় অংশ নেয়।