রাজধানীর ২৪টি সরকারি স্কুলে ২০১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ফল জানার জন্য গতকাল দিনভর সরকারি স্কুলগুলোতে অভিভাবকেরা ভিড় করেন।গত ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর তিন দিনে ২৪টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়। লেখাপড়ার মান ও আর্থিক বিবেচনায় সরকারি স্কুলগুলো অভিভাবকদের অনেককেই আকৃষ্ট করে। কয়েক বছর ধরে এসব স্কুলে প্রতিযোগী শিশুর সংখ্যা ক্রমাগত বাড়ছে।সংশ্লিষ্ট স্কুল ছাড়াও এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dshe.gov.bd) ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ভর্তির আবেদন ফরমও ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যে স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও ক্লাস শুরু হবে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।