
জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর পরিবারের খানার তথ্য সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় পরিসংখ্যান ব্যুরোর গণনাকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে গণনাভুক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনশুমারি ও গৃহগণনার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিয়ে জনশুমারি সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। জনশুমারি থেকে কেউ যাতে বাদ না যায় ও কেউ একাধিকবার অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।