
রাজধানীর সবুজবাগ এলাকার মাদারটেক মাজার গলিতে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাঁর নাম মো. সিদ্দিক (৫৫)। তিনি করোনায় আক্রান্ত।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, আজ বুধবার সকালে ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
এসআই আনোয়ার জানান, এই ব্যক্তি নিজের নাম ও বাড়ি কালীগঞ্জ ছাড়া আর কিছু বলতে পারছেন না। তাঁকে দেখাশোনা করার কেউ নেই। ঢাকায় কোথায়, কার সঙ্গে থাকেন, সেটা জানা যায়নি। তাঁর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।