
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লাভ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩৫)। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশের ভাষ্য, গতকাল রাত দেড়টার দিকে লাভ রোডে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। অটোরিকশাচালক ইমরান গুরুতর আহত হন।
গতকাল রাত আড়াইটার দিকে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বলেন, চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।