শিশুদের হাতেখড়ি দিয়ে কামাল লোহানীকে স্মরণ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৮৮তম জন্মদিন উপলক্ষে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ঢাকা, ২৫ জুন
ছবি: আশরাফুল আলম

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী যে আদর্শিক সমাজের স্বপ্ন দেখেছেন, দেখিয়েছেন, তা অর্জনে থেমে না যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তাঁর উত্তরসূরিরা। কামাল লোহানীর ৮৮তম জন্মবার্ষিকী রোববার। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামাল লোহানীর প্রিয় গান, আদর্শের বাণী ও তাঁর প্রিয় কর্মকাণ্ডে সাজানো হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে অভিভাবকদের সঙ্গে আসা একঝাঁক শিশুর হাতেখড়ি হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় আদর্শলিপি, চক–স্লেট। হাতেখড়ি দেন সাগর লোহানী, বন্যা লোহানী, উর্মি লোহানী, আসিফ মুনির, পার্থ মজুমদার, শাওন মাহমুদ, মেঘনা গুহঠাকুরতা, কাবেরী গায়েন, কিরীটী রঞ্জন বিশ্বাস, রফিউর রাব্বি, শ্রেয়সী রায়, বাবুল বিশ্বাস, অমিত রঞ্জন দে, জামশেদ আনোয়ার তপন, সঙ্গীতা ইমাম, প্রদীপ ঘোষ, সুজিত মুস্তাফা, রোকাইয়া হাসিনা, মারুফ রসূল, লেলিন চৌধুরী, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, মাহরুখ মহিউদ্দিন। গলায় উত্তরীয় পরিয়ে হাতেখড়ির পর শিশুদের পায়েস খাওয়ানো হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বালন ও ফুল দিয়ে কামাল লোহানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বড় পর্দায় দেখানো হয় কামাল লোহানীর বিভিন্ন সময়ের বক্তৃতা। এই সন্ধ্যায় কামাল লোহানীর চিরচেনা পোশাক, সাদা ঢোলা পাঞ্জাবি ও বড় ঘেরের পায়জামা পরে ‘কামাল লোহানী’ হয়ে উঠেছিলেন কয়েকজন।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক ও কামাল লোহানীর স্নেহভাজন অভিনেতা শংকর সাঁওজাল বলেন, ‘একুশ এলে তিনি অস্থির হয়ে উঠতেন। বাংলা ভাষা ও সংস্কৃতিকে কীভাবে প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টায় তৎপরতা ছিল তাঁর আজীবন। আমরাও সেই চেষ্টা অব্যাহত রাখব।’ নতুন প্রজন্মের প্রতিনিধি মুহাম্মদ সাকির (নিহত সংস্কৃতিকর্মী তানভীর মুহাম্মদ ত্বকীর ভাই) হাতে কামাল লোহানীর আদর্শিক পোশাক তুলে দেন তাঁর তিন ছেলেমেয়ে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তাঁর দল, গান করে ব্রতচারী তরুণ দল, রবীন্দ্র–নজরুল–সুকান্তের গান শোনায় নালন্দার শিক্ষার্থীরা, প্রতুল মুখোপাধ্যায়ের গান শোনান তানভির আহমেদ। কামাল লোহানীর কবিতা আবৃত্তি করেন অনন্যা লাবনী, শামীম মহিউদ্দিন। অনুষ্ঠানটির আয়োজন করেছিল কামাল লোহানীর পরিবার ও স্বজনেরা।

কামাল লোহানীর জন্ম ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে। ২০ জুন ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবর্ষ।