মাদকবিরোধী অনুষ্ঠানে বক্তারা

সন্তানদের ইতিবাচক গুণগুলোর প্রশংসা করতে হবে

প্রথম আলো ট্রাস্ট্রের মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহিত কামাল
ছবি: প্রথম আলো

বিজ্ঞানভিত্তিক চিকিৎসার মাধ্যমে মাদক থেকে সুস্থ হওয়া সম্ভব। সন্তানেরা যাতে মাদকাসক্ত না হয়, সে জন্য তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। সন্তানের ইতিবাচক গুণগুলোর প্রশংসা করতে হবে। এতে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে।

প্রথম আলো ট্রাস্ট্রের মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে এসব বিষয়ের ওপর জোর দিয়েছেন চিকিৎসকেরা। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আজ মঙ্গলবার ১৫৯তম মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তিদের স্বজনেরা এসে বিনা মূল্যে চিকিৎসকদের পরামর্শ নেন। এ ছাড়া মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকেরা কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহিত কামাল বলেন, যে তরুণেরা ইতিমধ্যে মাদকের সঙ্গে যুক্ত হয়েছেন, তাঁদের মধ্যেও ইতিবাচক দিক রয়েছে। তাঁরা হয়তো ভালো গাইতে পারেন, লিখতে পারেন, চিত্রাঙ্কন করতে পারেন। তাঁদের এই ইতিবাচক গুণগুলোর প্রশংসা করতে হবে। তখন তাঁদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। ছোট ছোট কাজে সাফল্য পেলে তখন তাঁরা মাদকও ছাড়তে পারবেন।

মাদক মস্তিষ্কের পরিবর্তন ঘটায়। তাই মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি অভিভাবকদের ভালো আচরণের ওপর জোর দেন মোহিত কামাল। তিনি বলেন, ‘আমার অনেক ছাত্র চিকিৎসা করে ভালো আছে। তাঁরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিজেকে উচ্চ স্তরে নিয়ে গেছেন। সুতরাং মাদকাসক্তরা ভালো হয় না, এটা ভুল ধারণা। কেউ মাদকাসক্ত হলে হাল ছেড়ে না দিয়ে অভিভাবকদের লেগে থাকতে হবে।’

নিজের সন্তান মাদকে আসক্ত হয়েছে কি না, তা জানেন না, কিন্তু কিছু লক্ষণ টের পেয়ে এক অভিভাবক মা তাঁর কিশোর সন্তানকে নিয়ে পরামর্শ সভায় আসেন।

মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল মা–ছেলের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
এই মা জানান, তাঁর ছেলে রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। করোনার সময় তাঁর ছেলের মধ্যে মুঠোফোনের আসক্তি বেড়ে যায়। সে মুঠোফোনে পাবজি খেলত। রাতে দেরি করে ঘুমাত। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সঙ্গেও যুক্ত হয়ে যায়। কিশোর ছেলেটিও তার সমস্যার কথা চিকিৎসককে খুলে বলেন। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল ছেলেটির মধ্যে থাকা ভালো গুণগুলো জাগিয়ে তুলতে বই পড়া, গান শোনা ও পরিবারের সঙ্গে ভ্রমণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল শিশুদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্ত ভুলও হতে পারে। সেটা মা–বাবাকে যাচাই করতে হবে। কিন্তু যদি কোনো শিশু ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সে বড় হয়ে অন্যের দ্বারা প্রভাবিত হবে না। শিশুদের ছোটবেলা থেকে নিজেদের সমস্যা সমাধানের কৌশল রপ্ত করার সুযোগ দিতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

সন্তানদের সিদ্ধান্ত নিতে দিলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কি না, এ বিষয়ে কথা বলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার। তিনি বলেন, বয়ঃসন্ধিকালে কিশোর–কিশোরীদের এক ধরনের নিজস্ব পরিচয় তৈরি হয়। সে সময় অভিভাবকেরা যেসব বিষয়ে নিষেধ করেন, সেসব বিষয়ে তাদের মধ্যে উল্টো আগ্রহ তৈরি হয় এবং অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এ সময় অভিভাবকদের সন্তানকে সরাসরি ‘না’ বলার চেয়ে ভালো বিকল্পগুলোর বিষয়ে আগ্রহী করে তুলতে হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান মাদক বর্জনের ক্ষেত্রে ‘না’ বলাটা খুব গুরুত্বপূর্ণ বলে মত দেন। তিনি বলেন, অনেকে প্রস্তাব দেবে, তবে খুব আত্মবিশ্বাসের সঙ্গে ‘না’ বলে দিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস এম আতিকুর রহমান পরামর্শ দেন। মাদকবিরোধী আন্দোলনের এই পরামর্শ সভা সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।