
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ৩৫ বছরে হাওর এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা যে উন্নতি হয়েছে ও সক্ষমতা বেড়েছে, তাতে এই বন্যার ক্ষয়ক্ষতি এক শ ভাগের এক ভাগও হবে না।
'সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা: কারণ, পুনর্বাসন ও স্থাীয় সমাধান' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন হাওর এলাকা সুনামগঞ্জের অধিবাসী এই মন্ত্রী। এ আলোচনার আয়োজন করে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ সোমবার বিকেলে এই আলোচনা সভা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, বন্যায় গ্রামের ছোট ছোট সড়ক প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, স্কুল–কলেজ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা উন্নতি করে ফেলতে পারব। কিন্তু সড়ক যে পরিমাণ নষ্ট হয়েছে, এটা নিয়েই শঙ্কিত। যে পরিমাণ স্থাপনা নষ্ট হয়েছে, সে তুলনায় কিন্তু জীবনহানি কম হয়েছে। এখানে অর্থনৈতিক ক্ষতিটাই মুখ্য।'
এম এ মান্নান বলেন, সিলেটের সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, এবারের বন্যায় প্রস্তুতির অভাব ছিল। কেউ কল্পনাও করতে পারেনি এত বড় বন্যা হতে পারে। এ কারণে সরকারের প্রস্তুতি যতটা হওয়ার কথা ছিল, সেটা ছিল না। কিন্তু এখানে সরকারকে দোষ দেওয়া যায় না। কারণ, যদি প্রতিবছরই এমন বন্যা হতো, তাহলে সরকারের প্রস্তুতি নিয়ে দোষ দেওয়া যেত। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনাও ছিল না। এই পরিকল্পনা থাকতে হবে। আপাতত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। তবে সরকারের একার ওপর নির্ভর করে এই সমস্যার সমাধান হবে না। ছোট খালগুলো সংস্কার করতে হবে।
সিলেট অঞ্চলে ভরাট হওয়া নদ-নদী, খাল, হাওর উদ্ধার করতে হবে এবং খনন কার্যক্রম চালাতে হবে উল্লেখ করে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, এবারের বন্যায় প্রমাণ হয়েছে, কেউ বাঁচতে পারবে না। সুরমা, কুশিয়ারা নদীর খনন করা দরকার। পাশাপাশি হাওরের যেসব জলাশয় দখল হয়েছে সেগুলো উদ্ধার করা দরকার। খনন হলে কিছুটা হলেও বন্যা থেকে রক্ষা সম্ভব।
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক বলেন, দেশের আন্তসীমান্ত যেসব নদী রয়েছে, এ–সম্পর্কিত তথ্য থাকা জরুরি। নদী রক্ষা কমিশনকে তার কার্যক্রম আরও বেগবান করতে হবে।
পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের সদস্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ বলেন, সিলেট অঞ্চলে বন্যার প্রভাব ঠেকাতে তাৎক্ষণিক সমাধান হিসেবে নদী খনন করা যেতে পারে। তবে তা বেশি দিন টিকবে না। নদী আবার ভরাট হয়ে যাবে। এ অঞ্চলের বন্যার পানির গতি নিয়ে গবেষণা করা প্রয়োজন। গবেষণার ভিত্তিতে খালকাটা একটা সমাধান হতে পারে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা বলেন, ‘নদীর রক্ষার জন্য আমাদের একটি আইন করা প্রয়োজন। নদীকে নিয়ন্ত্রণ করতে আমরা অনেক আগ্রহী, তবে ভূতাত্ত্বিক বিবেচনায় নদীকে সংযুক্ত রাখতে, উন্মুক্ত রাখতে কম আগ্রহী।
সিবিসাস সভাপতি আজিজুল পারভেজের সভাপতিতে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিবিসাস গোলটেবিল আয়োজন কমিটির আহ্বায়ক এহসানুল হক জসীম। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূত্বত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রমুখ।