আগুন
আগুন

গ্যাসলাইন মেরামতের সময় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় সাততলা একটি আবাসিক ভবনের গ্যাসলাইন মেরামতের সময় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন রাকিব হোসেন (৩৪), মো. সুমন (২২) ও মো. রাজন (২৩)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে রাকিবের ভাই সজীব মিয়া জানান, গ্যাসের লাইন পরিষ্কারের কাজ করছিলেন তাঁরা। ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেলে। এতে গ্যাসের লাইনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সুমন ও রাজ গ্যাসের লাইন বন্ধ করে দেন। ততক্ষণে রাকিব দগ্ধ হন।

সজীব মিয়া আরও জানান, আগুন নেভাতে গিয়ে সুমন ও রাজনেরও শরীর পুড়ে গেছে। পরে রাতেই তাঁদেরকে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রাকিবের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন।