কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুজন পানিতে ডুবে মারা গেছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) ও আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, চারজন নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন। তাঁদের মধ্যে দুজন ডুবে যান। স্থানীয়রা তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন বলেন, পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিনা অনুমতিতে পুকুরে গোসল ও ঘাটে প্রবেশ/অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে।