
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রের এক কর্মকর্তা মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের একদল নেতা-কর্মীসহ বহিরাগত ব্যক্তিরা তাঁকে মারধর করেছেন। তবে ইউনিয়ন এই অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তার নাম মো. বেলাল হোসেন সরকার। তিনি চিকিৎসাকেন্দ্রের প্যাথলজি বিভাগের জ্যেষ্ঠ টেকনিক্যাল অফিসার। বেলাল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বেলালের অভিযোগ, কথা-কাটাকাটির জেরে তিনি তাঁর কক্ষে মারধরের শিকার হয়েছেন। তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুস সোবহান ওরফে মানিকসহ ৫০ থেকে ৬০ জন এই মারধরের ঘটনায় জড়িত। তাঁদের মধ্যে বহিরাগত ব্যক্তিরাও আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, সোবহান অসুস্থতাজনিত ছুটির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গতকাল চিকিৎসাকেন্দ্রে এসেছিলেন। কাজে দেরির অভিযোগ তুলে তিনি চিকিৎসাকেন্দ্রের কর্মচারী রফিকের সঙ্গে কথা-কাটাকাটি করছিলেন। উচ্চ শব্দে রোগীরা বিরক্ত হচ্ছিলেন। তিনি সেখানে গিয়ে এ কথা বলেন। তখন সোবহান তাঁকে বলেন, ‘আপনাকে কথা বলতে বলেছে কে?’ তাঁর আচরণ খুবই খারাপ ছিল। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান চিকিৎসা কর্মকর্তাকে জানান। পরে প্রধান চিকিৎসা কর্মকর্তার কক্ষে দুই পক্ষকে ডেকে নেওয়া হয়। তিনি ঘটনাটি মিটমাট করে দেন। তারপর তিনি তাঁর কক্ষে চলে যান। ৩০ থেকে ৪০ মিনিট পর সোবহানসহ ৫০ থেকে ৬০ জন লোক চিকিৎসাকেন্দ্রে আসেন। তাঁরা তাঁর কক্ষে ঢুকে তাঁর ওপর হামলা করেন।
বেলাল বলেন, সোবহানই প্রথম তাঁকে আঘাত করেন। তারপরই তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন। মেরে তাঁকে রক্তাক্ত করেন। তাঁর পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। ব্যাপক মারধরে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি ঘটনাটি মৌখিকভাবে উপাচার্য ও এক সহ-উপাচার্যকে জানিয়েছেন। তিনি শিগগির লিখিত অভিযোগ দেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোবহান বলেন, ‘আমি গুরুতর অসুস্থ। তাই ছুটির কাগজপত্রের জন্য চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে কয়েকজনের সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে আমি গল্প করছিলাম। এরপর সামান্য কথা-কাটাকাটি হলে বেলাল আমাকে ধাক্কা দেন। কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। বেলাল এখন মিথ্যা অভিযোগ করছেন।’
চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন বলেন, সহকর্মী সোবহানকে মারধরের খবর পেয়ে অনেকে গতকাল দুপুরে চিকিৎসাকেন্দ্রে যান। পরে তাঁরা গিয়ে পরিস্থিতি শান্ত করে সবাইকে ফিরিয়ে আনেন।
ইউনিয়নের সাধারণ সম্পাদক হান্নান মিজি বলেন, সহকর্মীকে মারধরের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে তাঁরা প্রধান চিকিৎসা কর্মকর্তার কক্ষে গিয়েছিলেন। বেলাল মাফও চান। এর মধ্যে অন্যরা কী করেছেন, তা তাঁর জানা নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা দেখছেন। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাঁকে ঘটনাটির সুরাহা করতে বলা হয়েছে।’
এ বিষয়ে জানতে আজ সকালে ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা হাফেজা জামানের মুঠোফোনে কল করা হয়। তিনি একটি বৈঠকে থাকায় কথা বলতে পারছেন না বলে জানান।