বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান বাড়বে

বায়ুদূষণ
ফাইল ছবি

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমত, সারা দেশের অবৈধ ইটভাটাগুলো দ্রুত ভেঙে দেওয়া হবে। গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণে অভিযান চলবে। বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করা হবে। গতকাল বৃহস্পতিবার বায়ুদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ঢাকার দুই সিটি করপোরেশনের রাস্তায় পানি ছিটানোসহ ধুলাবালু পরিষ্কারের ব্যবস্থা নেবে। বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি করপোরেশন নিয়মিত কঠোর ব্যবস্থা নেবে। না ঢেকে খোলা ট্রাকে যাতে মাটি, বালু ও ময়লা পরিবহন করতে না পারে, সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে। সভায় বায়ুমানের তারতম্য নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২২’ অনুসারে গঠিত ওই কমিটির সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সভাপতিত্ব করনে। সভাটি মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও দপ্তর প্রধানসহ কমিটির ২৭ সদস্য এতে উপস্থিত ছিলেন।

সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বায়ুদূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটকে সহজলভ্য ও গ্রহণযোগ্য করার জন্য করণীয় নির্ধারণ বিষয়ে একটি সুপারিশমালা প্রণয়ন ও দাখিল করতে হবে। সব মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে দূষণ নিয়ন্ত্রণে সচিবদের কার্যকর ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়।