গুলিস্তানের ৫ দোকানিকে কারাগারে পাঠাল দক্ষিণ সিটি

গুলিস্তানে ফুটপাতে দোকান বসিয়ে হাঁটার পথে প্রতিবন্ধতা তৈরি করায় উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুটপাতে দোকান বসিয়ে হাঁটার পথে প্রতিবন্ধতা তৈরির অভিযোগে পাঁচ দোকানিতে কারাগারে পাঠানো হয়েছে। একই অপরাধে আরও ৯ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযান চলাকালে জব্দকৃত মালামাল সেখানেই নিলামে ১ লাখ ৩ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্টেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চলে। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তান এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণার পর আজ অষ্টম দিনের মতো ওই এলাকায় হকার উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স, গুলিস্তান হল মার্কেট, গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গভবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গুলিস্তানে ফ্লাইওভার যেখানে নেমেছে, তার সামনের সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে ওই এলাকাকে গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘রেড জোন’ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি

পদ্মা সেতু চালুর পর মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল বেড়েছে। সে কারণে গুলিস্তানে ফ্লাইওভার যেখানে নেমেছে, তার সামনের সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে ওই এলাকাকে গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘রেড জোন’ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি। রেড জোন ঘোষণার পর এ নিয়ে আট দিন অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের পর হকাররা আবার ফুটপাতে বসে পড়ছেন। হকারদের নিয়ন্ত্রণ করতে না পেরে আজ জেল জরিমানার পথে হাঁটল ঢাকা দক্ষিণ সিটি।

দণ্ড হলো যাঁদের

হাঁটার পথ ও রাস্তা দখল করে দোকান তৈরি করে ব্যবসা করায় মোহাম্মদ রুবেলকে ১৫ দিন এবং মাসুদ রানা, আরাফাত, সাকিব ও ফারুককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। সরকারি নির্দেশ অমান্য করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।