শুরু হয়ে গেছে ঈদের ছুটি। এবার ঈদে আজ সোমবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সকালেই রাজধানীর প্রধান সড়কগুলো অন্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা ছিল।
রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার, গুলশান, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকার রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল আজ। মেট্রোরেলেও ভিড় কম ছিল। বেশির ভাগ মানুষকেই মালপত্র নিয়ে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। রাস্তায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ছিল তুলনামূলক বেশি।
ঈদ উপলক্ষে গতকাল রোববার বিকেল থেকেই অনেকে ঢাকা ছাড়তে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঘরমুখো এসব মানুষকে হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করতে দেখা গেছে। আজ সকালেও অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। পরিবার–পরিজন নিয়ে কেউ বাসে, ট্রেনে, উড়োজাহাজে বা ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাচ্ছেন। সঙ্গে অনেকে পোষা প্রাণীকেও নিয়ে যাচ্ছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকছে। আজ থেকে ৩১ মে পর্যন্ত এসব ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা ছুটি পাবেন। তবে আজ ও আগামীকাল দেশের পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে।
দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আজ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।