আগুন
আগুন

তুরাগে আগুনে এক পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুনে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার ভোররাতে কামারপাড়ার বামনারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে যায়।

দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।তারা হলেন, রোজা (৩), সোনিয়া আক্তার (২৪), রুবেল (২৭), জুনায়েদ (১৩), মো. এনায়েত আলী (৩০), দুলারা খাতুন (২২), আবু কালাম রুবেল (৩৫), মো. হাবিব (৩৫), আয়েশা আক্তার ((১৮)), রিয়া আক্তার (২৫)

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, ভোররাত সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। বলা হয়, বামনারটেকের চারতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুন লেগেছে। গ্যাসের লাইনের ছিদ্র থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

রাফি আল ফারুক বলেন, খবরে পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছেন। ফলে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে গিয়ে আর আগুন নেভাতে হয়নি।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, তুরাগ থেকে অগ্নিদগ্ধ ১০ জনকে আনা হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সকালে যোগাযোগ করা হলে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক বলেন, বাসাটির দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর আগুন লাগে। গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।