রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও রিকশায় থাকা আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত দুইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের নাম ও পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ এবং তাঁদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে এনেছিলেন পথচারী খায়রুল ইসলাম ও মো. হৃদয়।
মো. হৃদয় বলেন, দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।