
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এই চারজনই ঢাকা মহানগরীর। চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫১।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৬৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে মোট ৯ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি আছেন। তার মধ্যে ঢাকা মহানগরীর ভেতর ৫ হাজার ১১ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৩৭৫ জন হাসপাতালে ভর্তি আছেন।
সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, কমফোর্ট নার্সিং (ধানমন্ডি), সালাউদ্দিন হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ফারাবি জেনারেল হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, আদ্–দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুরের আলোক হাসপাতাল, মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেওয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সারা দেশে চলতি বছর মোট ৫১ হাজার ৮৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
গত জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৯৫৬ জন। আর এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হলেন ৪৩ হাজার ৮৫৪ জন। গত মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৪ জনের। আর এ মাসে মারা গেলেন ২০৪ জন।