রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মাহমুদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন মোটরসাইকেলের আরোহী আরিফুর রহমান ওরফে আরিফ (৪৫) ও ফালু মিয়া (৫০)।
বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক ফালু মিয়া। গুরুতর আহত আরিফুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরিফুর রহমানের স্বজন মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি প্রথম আলোকে বলেন, পোস্তগোলায় পুরোনো লোহা কেনাবেচার দোকানের ম্যানেজার ছিলেন আরিফুর রহমান। কিছু মালামাল দেখতে আরিফুর রহমান ও ফালু মিয়া একসঙ্গে উত্তরায় যাচ্ছিলেন। দুর্ঘটনা দুজনেরই জীবন কেড়ে নিল। তাঁরা লাশ হয়ে ফিরলেন।
আরিফুর রহমানের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। বাবার নাম আউয়াল মিয়া। আরিফুর রহমান ডেমরার কোনাপাড়ায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
একই ঘটনায় আহত হয়েছেন পিকআপটির চালক। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক–এর মর্গে পাঠানো হচ্ছে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০) বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় নিহত হন।