
দিন দিন নারীর প্রতি যৌন হয়রানির মাত্রা বেড়েই চলেছে। বর্তমানে তা এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এ মন্তব্য বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) পরিচালক নাজমা ইয়াসমীনের। তিনি বলেন, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন’ প্রণয়ন করা খুবই জরুরি।
আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজমা ইয়াসমীন। সংবাদ সম্মেলনের আয়োজন করে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমা ইয়াসমীন বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। সরকারি-বেসরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় এখন নারীরা কর্মরত। পাশাপাশি নানা ধরনের সমস্যায়ও পড়ছেন তাঁরা। কিছু ক্ষেত্রে তাঁরা এখনো বৈষম্যের শিকার। উল্লেখযোগ্য সমস্যা হলো যৌন হয়রানি। শারীরিক, মানসিক, মৌখিক—বিভিন্নভাবে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। নারীর নিরাপত্তার বৈষম্য খুবই প্রকট।
কর্মক্ষেত্রে যেকোনো ধরনের যৌন হয়রানি প্রতিকূল অবস্থা সৃষ্টি করে; যা মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন ও উন্নয়নের ক্ষেত্রে একটি অন্যতম প্রতিবন্ধকতা বলেও মন্তব্য করেন নাজমা ইয়াসমীন। তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রণীত কনভেনশন ১৯০ ‘ইলেমিনেশন অব ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ অনুসমর্থনের দাবি জানান। তিনি বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে এ কনভেশন বাংলাদেশ কর্তৃক গৃহীত হলে, তা দেশের প্রতিশ্রুতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুদৃঢ় করবে। তেমনি সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট সীমা জহুর, মনডিয়াল এফএনভির বাংলাদেশ পরামর্শক শাহীনুর রহমান, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সানজিদা সুলতানা, ফেয়ারওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উপপরিচালক মাহমুদুল হাসান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ৭টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন’ প্রণয়ন; কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনবিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন; যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে দেওয়া হাইকোর্টের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন; কর্মস্থলে যাতায়াতের পথে ও সমাজে নারী শ্রমিকের যৌন হয়রানি থেকে সুরক্ষা প্রদান নিশ্চিত করা; আদালতের নির্দেশনা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সে জন্য সরকারি উদ্যোগে একটি তদারকি কমিটি গঠন; যৌন হয়রানি প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতনের বিচার নিষ্পত্তি ও বৈষম্যমূলক আইন সংশোধন।