সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে গিয়েছিলেন সাজ্জাদ হোসেন (৩২)। কিন্তু সেখান থেকে আর বাসায় ফেরা হলো না তাঁর। রাজধানীর ভাটারা ১০০ ফুট সড়কে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।
সাজ্জাদ হোসেন রাজধানীর মহাখালীর মধ্যপাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি কুড়িল বিশ্বরোড–সংলগ্ন প্রগতি সরণিতে অবস্থিত যমুনা ফিউচার পার্কে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
সাজ্জাদের চাচাতো ভাই আনিসুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিকেলে প্রথম আলোকে বলেন, সকালে বাসা থেকে মোটরসাইকেলে যমুনা ফিউচার পার্কের কর্মস্থলে যান সাজ্জাদ। সকাল ১০টার দিকে সেখান থেকে মহাখালীর বাসায় ফেরার পথে একটি প্রাইভেট কার পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা তিনটার দিকে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক সাজ্জাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর ভাটারা থানায় জানানো হয়েছে।
চার ভাই-বোনের মধ্যে সাজ্জাদ ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তাঁর বাবা শাহজাহান গাজি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী। মাত্র সাত-আট মাস আগে সাজ্জাদ বিয়ে করেছিলেন জানিয়ে আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীকে এখনো সাজ্জাদদের বাড়িতে আনা হয়নি।
আনিসুর রহমান আক্ষেপ করে বলেন, ‘প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া সেই সকালেই থেমে গেল তাঁর জীবন। স্বজনদের কাছে ফিরে এল তাঁর নিথর দেহ।’