ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস

৪০ বছরের কাজ চার বছরে শেষ করেছেন, বললেন মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, গত চার বছরে যে পরিমাণ উন্নয়ন করেছেন, তা দেখাতে চাইলে ২০ মিনিটের ভিডিও চিত্র দিয়ে হবে না। অন্তত দুই দিন লাগবে। ৪০ বছরের কাজ ৪ বছরে সম্পন্ন করেছেন, বলেন তিনি।

আজ রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে গত চার বছর কী কী উন্নয়নকাজ করা হয়েছে, তার একটি ভিডিও চিত্র দেখানো হয়। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র এ কথা বলেন।
‘এমন কোনো কাজ আছে কি না, যেটা গত চার বছরে করতে না পারার কারণে আক্ষেপ আছে। পাশাপাশি বাকি এক বছরে অগ্রাধিকারে কী থাকবে?’ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কোনো ব্যর্থতা নেই, দুর্বলতা থাকতে পারে।’

ঢাকাকে সচল করতে না পারা নিয়ে সংবাদ সম্মেলনে একাধিক সাংবাদিক মেয়রের কাছে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে তিনটি রুটে ঢাকা নগর পরিবহন চালু করেছিলেন। তবে সচল ঢাকা নির্মাণে নতুন বিনিয়োগকারী না পাওয়ায় আক্ষেপের কথা জানান তিনি। বলেন, ‘পুরোনো বাস দিয়ে আর ঢাকা নগর পরিবহন চালু করব না। আমরা সরকারের শীর্ষ মহলে অনুরোধ করব, নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কর মওকুফ করা যায় কি না, প্রণোদনামূলক কিছু সুযোগ-সুবিধা দেওয়া গেলে আমরা মনে করি নতুন বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন মেয়র তাপস। তিনি বলেন, ‘রোগীর সংখ্যা কত হলো না হলো, সেটা কিন্তু চিন্তার বিষয় না। বিষয় হলো কর্মপরিকল্পনা এবং ব্যবস্থাপনা। এমন কোনো রোগী বলতে পারবে না, আজ অবধি সেই রোগীর বাসায় মশককর্মী যায়নি।’

স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর ঠিকানায় গিয়ে ওষুধ ছিটানো হয়েছে বলে জানান মেয়র। স্বাস্থ্য অধিদপ্তর ভুল তথ্য দিক আর সঠিক তথ্য দিক, সেখানে লার্ভা ধ্বংস করেছেন, পরিষ্কার–পরিচ্ছন্ন করেছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তালিকা ধরে ২০২৩ সালে ২৭ হাজার স্থাপনায় গিয়ে সঠিকভাবে ৯ হাজার ৭৬৮ জন ঢাকার স্থানীয় রোগী শনাক্ত করেছেন বলেও জানান মেয়র শেখ তাপস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, গত চার বছরে নিজস্ব অর্থায়নে ১ হাজার ২০০ কোটির বেশি টাকা দিয়ে নানা অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও সংস্কার করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। জলাবদ্ধতার সমস্যা ৭০ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে বলেও জানান তিনি।