দেশের কাজে লাগে এমন গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনে তিনি একথা বলেন।
সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির অনন্য মেধাবী তিন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা দরকার। এজন্য এমন গবেষণা ও উদ্ভাবন করতে হবে, যার দ্বারা দেশের অর্থনীতি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়। আগামী দিনে শিক্ষা খাতে কোডিং, ডিজাইন, রোবোটিক্স ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবর্তন বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান। তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন একদিকে যেমন জ্ঞানের পরিধি বাড়িয়ে দিচ্ছে, তেমনি এর অপব্যবহার বিভাজন ও সহিংসতা ছড়াচ্ছে। তিনি প্রযুক্তির দ্বারা জীবন পরিচালিত না করে বরং মানবিক মূল্যবোধ দিয়ে প্রযুক্তিকে পরিচালিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সমাবর্তনে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়টির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।
সমাবর্তন অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, গ্রাজুয়েট ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।