আলোচনায় বক্তারা

‘আদিবাসী’ ইস্যু তুলে ধরতে গণমাধ্যমকে সংবেদনশীল হতে হবে

‘আদিবাসী সংবেদনশীল গণমাধ্যম: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা
ছবি: সংগৃহীত

‘আদিবাসী’ শব্দ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া আছে। আদিবাসী ও আদি বাসিন্দা আলাদা অর্থ বহন করে। এটা একধরনের শ্রেণিগত সাংস্কৃতিক বৈষম্য। তাই আদিবাসীদের ইস্যু তুলে ধরতে গণমাধ্যমকে সংবেদনশীল হতে হবে। ‘আদিবাসী সংবেদনশীল গণমাধ্যম: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে এসেছে। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আলোচনার আয়োজন করে অনলাইন পোর্টাল ‘আইপিনিউজ’।

আলোচনা সভায় মূল বক্তব্যে লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, ১৯৭২ সালে গণপরিষদে দাঁড়িয়ে মানবেন্দ্র নারায়ণ লারমাও বলেছিলেন, ‘আমরা বাঙালি নই।’ সংবিধানে সব জাতিসত্তার পরিচয় নেই। ১৯৪৪ সালে নওগাঁর বদলগাছিতে পাহাড়পুরের বৌদ্ধবিহারের কাছে নির্মিত হয় পাহাড়পুর আদিবাসী উচ্চবিদ্যালয়।

আলোচনা সভায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘আমরা সংহতি চাই না, একতা চাই। বাংলাদেশের গণমাধ্যম এখন ঝুঁকিতে। এ জন্য দৃষ্টিভঙ্গি পাল্টানো খুব জরুরি। গণমাধ্যম ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি—দুটোর পরিবর্তনই জরুরি। প্রত্যেক মানুষের সমান অধিকার থাকতে হবে। এই কথা সংবিধানেও আছে। তবে রাষ্ট্র যে বৈষম্য করছে, এই কথা অস্বীকার করা যাবে না।’

দেশের গণমাধ্যমে আদিবাসীর সংবাদের বিষয়টি এখনো বড় জটিল একটি সমীকরণ বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি বহুত্ববাদী দেশ। এই বহুত্ববাদকে আমরা সব সময় ভয় পাই। কিন্তু আমাদের সবার চেষ্টা করা উচিত অন্যকে সম্মান করা। আদিবাসী মানেই যে তির–ধনুক নিয়ে একজন, এমন না। তাঁরা বুদ্ধিবিবেচনাসহ শিক্ষিত মানুষও।’

মূল ধারার গণমাধ্যমে ক্ষুদ্র জাতিসত্তার সাংবাদিকের সংখ্যা বাড়ানোসহ আইপিনিউজ–এর মতো নিজস্ব গণমাধ্যম করার ওপর গুরুত্বারোপ করেন রোবায়েত ফেরদৌস। আইপিনিউজ–এর উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মেইনথিন প্রমীলার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক নজরুল কবির, লেখক ও গবেষক সারা মারান্ডী প্রমুখ।