ছাত্রলীগ নেত্রীর জন্মদিনে অংশ না নেওয়ায় কর্মীর কক্ষ ভাঙচুর, মারধরের অভিযোগ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ফটক
ছবি: প্রথম আলো

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার ওরফে সাইমুনের জন্মদিনের আয়োজনে অংশ না নেওয়ায় সংগঠনটির এক কর্মীর কক্ষে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে হাবিবার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রলীগের ওই কর্মীকে মারধরও করা হয়। 

শনিবার রাতে বদরুন্নেসা কলেজের নতুন হোস্টেলের ২০০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন কলেজ শাখা ছাত্রলীগের কর্মী লাইজু আফরিন। 

জানা গেছে, লাইজু কলেজ শাখার সাধারণ সম্পাদক হাবিবার অনুসারী। তবে মাসখানেক ধরে হাবিবার সঙ্গে তাঁর  মনোমালিন্য চলছিল। মূলত এ কারণে লাইজু গত বৃহস্পতিবার হাবিবার জন্মদিনের আয়োজনে অংশ নেননি৷ 

শিক্ষাপ্রতিষ্ঠানটির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেত্রী হাবিবার জন্মদিন উপলক্ষে হোস্টেলে থাকা ছাত্রীদের প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা তোলা হয়। লাইজু এই চাঁদাও দেননি। কেক কাটার সময়ও উপস্থিত ছিলেন না। এতে ক্ষুব্ধ হন হাবিবা। 

এই ঘটনার সূত্র ধরে শনিবার রাতে লাইজুর কক্ষে নিজের অনুসারীদের দিয়ে ভাঙচুর চালান হাবিবা। কক্ষের জিনিসপত্র বাইরে ফেলে দেন তাঁরা। এ সময় লাইজুর মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁকে মারধর করা হয়। নতুন হোস্টেলের ওই কক্ষে লাইজুসহ ১৪ জন থাকেন। ভাঙচুর ও মারধরের সময় ওই কক্ষ থেকে লাইজু ছাড়া অন্যদের বের করে দেওয়া হয়। 

ভুক্কভোগী লাইজু আফরিন প্রথম আলোকে বলেন, হাবিবা আক্তার তাঁর অনুসারীদের আমাদের কক্ষে পাঠিয়ে কক্ষ তছনছ করিয়েছেন। জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে তাঁরা আমার মুঠোফোন কেড়ে নেয়। আমাকে মারধর করে। 

লাইজু আফরিন আরও বলেন, ‘আমি হাবিবার জন্মদিনের আয়োজনে চাঁদা দেইনি। কেক কাটার সময় যাইনি। বিষয়টি কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্ট নাকি আমরা করিয়েছি, এজন্য আমার ওপর জুলুম করা হয়েছে।’ 

অভিযোগের বিষয়ে জানতে শনিবার রাতে বদরুন্নেসা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি ফোন ধরেননি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, অভিযোগ শোনার পর হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি দেখছে।