ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাবের উদ্যোগে আয়োজিত ফল উৎসবে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের একাংশ। ক্র্যাব মিলনায়তন, ঢাকা। ১৮ জুন ২০২৬
ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাবের উদ্যোগে আয়োজিত ফল উৎসবে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের একাংশ। ক্র্যাব মিলনায়তন, ঢাকা। ১৮ জুন ২০২৬

দেশি ফলের সমাহারে আনন্দঘন পরিবেশে ক্র্যাবের ফল উৎসব

নাগরিক জীবনের ব্যস্ততার মধে৵ সাংবাদিকদের একটু ভিন্ন রকম আনন্দ দিতে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ক্র্যাব মিলনায়তনে (তৃতীয় তলায়) আয়োজিত এই ফল উৎসবে নানা রকম মৌসুমি ফলের স্বাদ নেন সাংবাদিক ও অতিথিরা। দেশি ফলের এমন বৈচিত্র্য ও সমাহার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম, আকবর হোসাইন মঞ্জু ও মাশুক নাজিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন এম এম বাদশাহ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধসংক্রান্ত সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন, জাতীয় বিভিন্ন আয়োজনেও তাঁদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। দেশি ফল নিয়ে এমন আয়োজন দেশের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে ভূমিকা রাখবে। তাঁরা দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করেন। পাশাপাশি এমন সুন্দর উদ্যোগের জন্য ক্র্যাবকে ধন্যবাদ জানান।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে বসে মৌসুমি দেশি ফলের স্বাদ নেওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন।

ক্র্যাব আয়োজিত ফল উৎসবে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নানা রকম দেশি মৌসুমি ফল। ক্র্যাব মিলনায়তন, ঢাকা। ১৮ জুন ২০২৬

আর সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের জন্য আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দেন। এ সময় ক্র্যাবের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত সদস্য ও অতিথিরা একসঙ্গে বসে নানা ধরনের দেশি মৌসুমি ফলের স্বাদ নেন। এতে মিলনায়তনজুড়ে আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়।