
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক মো. ইমরান মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। তিনি একজন ফল ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় হাসেম রোডে মাল্টিমিডিয়া সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইমরান মিয়া ও তাঁর বোনজামাই মো. সোহেল (৩২) গতকাল রাতে বাসের ধাক্কায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আহত হন। বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় রাতেই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মিয়া আজ রোববার ভোররাত চারটার দিকে মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মুন্সী বলেন, সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ব্যক্তির চাচা শাহজাহান মিয়া জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ইমরান মিয়া ও তাঁর বোনজামাই মো. সোহেল।
ইমরান মিয়ার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কালিনগর গ্রামে। তিনি কদমতলীর রায়েরবাগ পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।