
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে তার নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৮)। তিনি রাজধানীর মগবাজার-সংলগ্ন মধুবাগের মীরবাগের একটি মেসে থাকতেন। পেশায় তিনি রংমিস্ত্রি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুরে।
এসআই মোস্তাকিম পাটোয়ারি বলেন, জাহিদুল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে যায়। জাহিদুল কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানা-পুলিশ জানায়, কাভার্ড ভ্যান ও শ্যামলী পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। তবে দুই চালক পালিয়ে গেছেন।
জাহিদুলের মৃত্যুর খবর পেয়ে তাঁর চাচাতো ভাই রবিউল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মর্গে যান। সেখানে তিনি প্রথম আলোকে বলেন, এক মাস আগে জাহিদুল ঠিকাদারের অধীন কাজ করতে কক্সবাজার গিয়েছিলেন। আজ সকালে তিনি কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তিনি গাড়ি থেকে গোলাপবাগে নামেন। সেখান থেকে হেঁটে অন্য গাড়িতে উঠে তাঁর গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না।
রবিউল জানান, জাহিদুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন।