
রাজধানীর মহাখালীতে রেলে কাটা পড়ে মারা গেছে তিন পথশিশু। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। তাদের নাম–ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর।
তিন পথশিশুর মৃত্যুর বিষয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, মহাখালীর উড়ালসড়কের নিচের রেললাইন ধরে শিশু তিনটি হাঁটছিল। তখন কমলাপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় তিন শিশু।
পুলিশ কর্মকর্তা সুনীল চন্দ্র বলেন, ‘তিন পথশিশুর পরিচয় বের করার জন্য তাদের ছবি নিয়ে মহাখালীর আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করি। কিন্তু কেউ তাদের পরিচয় জানাতে পারেনি।’ তিনি বলেন, চেষ্টার পরও পরিচয় বা স্বজনদের খুঁজে পাওয়া না গেলে তাঁদের আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।