বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে আইইডিসিআরে আয়োজিত অনুষ্ঠান
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে আইইডিসিআরে আয়োজিত অনুষ্ঠান

অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে। ফলে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে গতকাল শনিবার নভেম্বর ঢাকায় ‘ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬’ আয়োজন করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এক স্বাস্থ্য, এক উদ্যোগ: এখনই এএমআর প্রতিরোধ করুন’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএইচওর বাংলাদেশ কার্যালয়ের ডা. অ্যান্টনি এশোফোনি, এমআইএসের ডেপুটি চিফ ডা. ফারুক হোসেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, মেডিকেল কলেজের শিক্ষকসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এএমআর বিষয়ে জাতীয় কুইজ প্রতিযোগিতা। অনলাইনে প্রাথমিক পর্বে নিবন্ধন করেন ৯০৮ জন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০০ জন ১৪ নভেম্বর সরাসরি অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেন। বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও দ্রুত উত্তর দেওয়ার প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাদমান কৌশিক। রানারআপ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রুবাইয়াত আহমেদ। তৃতীয় হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহাইমিনুর রহমান। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. আফিফ উল্লাহ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মো. মাহদীজামান সাফাত।

অনুষ্ঠানে ‘এএমআর: দ্য এসেনশিয়াল ১০০’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে ১০০টি গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। বাংলা ও ইংরেজি—দুই ভাষায় প্রকাশিত বইটি আইইডিসিআরের ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বই প্রকাশ ও আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।

আয়োজকেরা বলেন, এএমআর প্রতিরোধে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের দায়িত্বশীল ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এএমআর মোকাবিলায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।