‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। আজ সোমবার, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে
‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। আজ সোমবার, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে

প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

‘মনে রাখবে, তোমার একটা দেশ আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে’

‘আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যখন বড় হবে, তোমরা যখন কোনো পেশায় যাবে—সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা যেকোনো পেশা—সব সময় মনে রাখবে, তোমার একটা দেশ আছে। এই দেশের প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে।’

কথাগুলো বলছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তৌফিকুর রহমান। আজ সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন স্থানে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হয় ঢাকা পর্ব। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে এ অলিম্পিয়াডের আয়োজন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তৌফিকুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণা করেন। নারীদের ওপর পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও জঘন্য অপরাধের কথা স্মরণ করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘গামা নামে একজন রাজাকারের একমাত্র কাজ ছিল, কোন বাড়িতে মেয়েরা আছে, সেই খবর পাকিস্তানি বাহিনীকে দেওয়া।’ তিনি বলেন, ‘সেই রাজাকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানি হানাদারেরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের তুলে নিয়ে যেত। তারপর চালানো হতো জঘন্য পাশবিক নির্যাতন।’

রণক্ষেত্রে পাগলপ্রায় নারীর দেখা পাওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে কর্নেল (অব.) তৌফিকুর রহমান শোনান এক হৃদয়বিদারক গল্প। বাংকারে আটকে রেখে নির্যাতনের শিকার সেই নারীর অবস্থা বর্ণনা করে তিনি বলেন, ‘নির্যাতনের কারণে ওই নারী কিছুই বুঝতে পারছিলেন না। শুধু যেই ঘরে ঘুমাতেন, সেই ঘরটা চিনতে পেরেছিলেন।’

যুদ্ধক্ষেত্রে কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোর শহীদ হওয়ার ঘটনার স্মৃতিচারণা করেন কর্নেল (অব.) তৌফিকুর রহমান। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হানাদার বাহিনীর নির্মমতা এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন তিনি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি দেশপ্রেম এবং জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এই দেশের সবুজ, এই দেশের বাতাস, এই দেশের বৃষ্টি, এই দেশের রোদ—পৃথিবীর আর কোথাও এ রকম মায়াময় নয়।’

‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ অংশ নেওয়া শিক্ষার্থীদের সামনে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তৌফিকুর রহমান। আজ সোমবার, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে

মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে আনিসুল হক বলেন, ‘এই দেশটাকে ভালোবেসো। জ্ঞান অর্জন করো। কারণ, তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি দক্ষ হও, তাহলে তুমি তোমার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপকার করতে পারবে।’

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও ইতিহাসচর্চা সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও চেতনার কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তরুণ প্রজন্মের উচিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শকে গভীরভাবে জানা ও উপলব্ধি করা।’

মহান মুক্তিযুদ্ধে ভূখণ্ড ও পতাকা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা পুরোপুরি অর্জন করতে পারিনি বলেন মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে আমরা এখনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল। এ অপূর্ণতাকে পূর্ণতা দেওয়া এবং দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মূল দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপর।’

বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ-বিদেশে বিস্তৃত বন্ধুসভার সব বন্ধুদের জন্য দেশপ্রেম, স্বেচ্ছাসেবী মনোভাব ও লেখা শাণিত করার প্ল্যাটফর্ম। তারা নিয়মিত পাঠচক্র, বৃক্ষরোপণ, ভালো কাজের প্রতিযোগিতা এবং দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বন্ধুসভার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ অংশ নেওয়া শিক্ষার্থীদের সামনে কথা বলছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। পাশে অভিনেতা তৌসিফ মাহবুব। আজ সোমবার, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে

অনুষ্ঠানে অভিনেতা তৌসিফ মাহবুব শিক্ষার্থীদের প্রতি দেশপ্রেম, স্মার্টফোন আসক্তি এবং সততার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘নিজেকে গড়ে তোলার প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক ফলের চেয়ে নিরন্তর চেষ্টা ও সততাকে বেশি গুরুত্ব দিতে হবে।’

এই অভিনেতা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যাঁরা আমাদের জন্য লড়েছেন, তাঁদের কোনো দিন যাতে আমরা না ভুলে যাই। তবেই আমরা বাংলাদেশ হয়ে উঠব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আশফাকুজ্জামান, মাইলস্টোন কলেজের শিক্ষক মোহাম্মদ শাফায়েত উদ্দিন। সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’ শুরু হয়। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।

‘কিশোর আলো’ হাতে ‘প্রথম আলো–বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। আজ সোমবার, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে

অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ১০ জন। তারা হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুস্তাকিম মাহফুজ (প্রথম), তানভীর আহমেদ (দ্বিতীয়), লতিফুর রহমান (তৃতীয়), আরিশা তাহনিয়া (চতুর্থ), অজয় সূত্রধর (পঞ্চম), সাজিদ আল মাহিদ (ষষ্ঠ), মাহামুদুল হাসান (সপ্তম), আবিদ হাসান (অষ্টম), আতিয়া মাহমুদা (নবম) ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া জাহান (দশম)। তাৎক্ষণিক কুইজে আরও দুজনকে পুরস্কৃত করা হয়।