জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়েছে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়েছে

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ সৌদিপ্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ সৌদিপ্রবাসী মো. ইমন (২৫) মারা গেছেন। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছিলেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা ১১টা ৫০ মিনিটে ইমনের মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইমনের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

পারিবারিক বিরোধ নিয়ে ইমন গতকাল বিকেলে পেট্রল ঢেলে ঘরে আগুন দেন। এতে তিনি ছাড়া তাঁর বাবা সিদ্দিক মেম্বার (৬০), দুই ফুফাতো ভাই মো. রাজীব (৩৫) ও মো. ধনু ওরফে আরিফ (৩৬) এবং চাচাতো বোন মোছা. তানিয়া (১৭) দগ্ধ হন। রাজীব ও ধনু দুজনই ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।