চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেওয়ার দাবিতে সমাবেশ। মালিবাগ, ঢাকা, ১২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেওয়ার দাবিতে সমাবেশ। মালিবাগ, ঢাকা, ১২ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার দাবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম। তাদের দাবি, এই প্রক্রিয়া দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।

আজ শুক্রবার রাজধানীর মালিবাগ মোড়ের ফালাহিয়া চত্বরে আয়োজিত সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়। পরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষে এই তথ্য জানানো হয়।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ আরিফ আল খবির বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল একটি অত্যাধুনিক ও লাভজনক টার্মিনাল। তাঁর বক্তব্য, লাভজনক ও সুসংগঠিত প্রতিষ্ঠান কোনো বিবেকবান লোক ইজারা দিতে পারে না। মূলত এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল জড়িত বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশকে চীনের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাওয়া হচ্ছে।

সমাবেশে সংগঠনের সদস্যসচিব কাজী আহমাদ বলেন, ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের একটি কোম্পানি। আর আরব আমিরাত ইসরায়েল ও আমেরিকার সঙ্গে আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে স্বাক্ষর করেছে। তাঁর দাবি, এর ফলে মধ্যপ্রাচ্যে পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আরব আমিরাত কাজ করছে। একই আরব আমিরাত বাংলাদেশে এসেও ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে সংগঠনটি ছয় দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল করা; এপিএম টার্মিনালের সঙ্গে বন্দরের লালদিয়া টার্মিনাল চুক্তি এবং মেঘালয়ের সঙ্গে পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিল করা; চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল দেশীয় অপারেটরের মাধ্যমে পরিচালনা করা।

এ ছাড়া পলাশবাড়ীতে রামমূর্তিসহ দেশের অখণ্ডতার স্বার্থে বিদেশি মদদে উসকানিমূলক কোনো স্থাপনা না রাখার দাবি জানানো হয়। বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্ক বাড়ছে দাবি করে অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধনের দাবিও জানায় সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ উন্মাদনা এবং বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের পতাকা ওড়ানো নিয়েও আপত্তি জানানো হয়।