ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকার অদূরে আশুলিয়ায় একটি কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজন মারা গেছেন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সকাল পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়েছিল। একই ঘটনায় দগ্ধ দুজন এখন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নুর ইসলাম কাভার্ড ভ্যানটির চালক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোংলায়। বাবার নাম আনিসুর রহমান।

গত রোববার রাতে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থল ও ঘটনাস্থলের অদূরে ৬ জন নিহত হন। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আজ মারা গেলেন আরেকজন। এ ঘটনায় আহত হন ২০ থেকে ২৫ জন।